প্রধান খবর

বিপত্তিতে জর্জরিত ব্রাজিল স্কোয়াড, ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের আগে ইনজুরি

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল একের পর এক বিপত্তিতে পড়ছে। ইনজুরির কারণে ইতোমধ্যে ছিটকে গেছেন অ্যালিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো এবং গ্যাব্রিয়েল মাগালায়েস। প্রথম দুজনের বদলি ডাকা হলেও মাগালায়েসের জায়গায় কাউকে ডাকেননি কোচ কার্লো আনচেলত্তি। এর মধ্যেই নতুন সমস্যা তৈরি হয়েছে ভ্রমণ জটিলতায় এখনও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেননি ডগলাস সান্তোস ও লুইজ হেনরিকে, যারা রাশিয়ান ক্লাব জেনিতের হয়ে খেলেন। তাদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় দলীয় অনুশীলনে যোগ দিতে দেরি হচ্ছে।

দলের আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মার্কিনিয়োসও চোটমুক্ত থাকার লক্ষ্যে মঙ্গলবারের দলীয় অনুশীলনে অংশ নেননি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। একই সময়ে অ্যাটাকিং মিডফিল্ডার রায়ানও চোটের অস্বস্তিতে ভুগছেন এবং রুটিন অনুশীলন এড়িয়ে নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন।

ফ্রান্স ম্যাচের আগে ব্রাজিল মাত্র দু’দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে। প্রথম দিন নির্ধারিত সময়ে অনুশীলনে হাজির হতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক ফেলিপে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ওয়েসলি, কাইকি, দানিলো ও গোলরক্ষক হুগো সুজা। ফলে আনচেলত্তি পুরো দলকে একসঙ্গে পেয়েছেন কেবল বুধবার। ওরল্যান্ডোতে সকালে অনুশীলন সেরে সেদিনই বোস্টনের উদ্দেশে রওনা দেবে দল, যেখানে ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতেই তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

এই সব বিপত্তি ব্রাজিলের প্রস্তুতিকে স্পষ্টভাবে ব্যাহত করছে। ইনজুরি, ভ্রমণ জটিলতা ও অসম্পূর্ণ স্কোয়াড নিয়ে আনচেলত্তির সামনে বড় চ্যালেঞ্জ—দলকে দ্রুত ছন্দে ফেরানো এবং দুই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স নিশ্চিত করা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *