প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে বড় কনসার্ট করার কথা ছিল লাতিন পপ তারকা শাকিরার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তিনি। ২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। এরপর অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাকে দেখা গেলেও সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে তার ‘ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে।
আগামী ১০ ও ১৫ এপ্রিল মুম্বাই ও দিল্লিতে দুটি বড় শো হওয়ার কথা ছিল। ভক্তদের বিপুল চাহিদায় ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। টিকিটের দাম ছিল ৬ হাজার রুপি থেকে শুরু করে লাখ রুপির ঘর পর্যন্ত। হাজার হাজার ভক্ত ইতোমধ্যে টিকিট, ফ্লাইট ও হোটেল বুকিংও সেরে ফেলেছিলেন।
কিন্তু আয়োজকদের হঠাৎ ঘোষণায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে বদলে গেছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে শিল্পী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সফর স্থগিত করা ছাড়া উপায় ছিল না। যারা টিকিট কিনেছেন, তাদের অর্থ পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।
শাকিরার ভারত সফর বাতিল হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। নতুন তারিখ ঘোষণা করা হবে কি না তা এখনো পরিষ্কার নয়।

