ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। রোববার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯২ শতাংশই আকাশে প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, “ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমাদের সফলতার হার প্রায় ৯২ শতাংশ।” তবে শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে প্রায় ১৮০ জন চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানায় ইসরায়েল।
এদিকে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইরান শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, বরং ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক জনপদকেও বিপদে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বলেন, “ইরান পুরো বিশ্বকে বিপন্ন করে তুলছে। এখন সময় এসেছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে যুক্ত হওয়ার।” তিনি দাবি করেন, কয়েকটি দেশ ইতোমধ্যে সমর্থনের ইঙ্গিত দিয়েছে, তবে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।

