ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। হরমুজ প্রণালিতে উত্তেজনা ও জাহাজে হামলার কারণে তেল পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের তীব্র উর্ধ্বগতি দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে সংকট সামাল দিতে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অনুমোদন কেবলমাত্র নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে। নতুন কোনো ক্রয়াদেশ বা ভবিষ্যৎ লেনদেনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে ইরান দেশ দুটির সঙ্গে সম্পৃক্ততা আছে এমন জাহাজে হামলা চালাচ্ছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

