সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। আলোচ্য অর্থবছরে বিভিন্ন স্কিমের বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বজনীন পেনশন স্কিমগুলোর বিনিয়োগ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় গ্রাহকদের মধ্যে এ মুনাফা বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে প্রত্যেক গ্রাহকের জমাকৃত অর্থের পরিমাণ এবং জমার সময়কালের ভিত্তিতে প্রাপ্য মুনাফা নির্ধারণ করা হয়েছে। অর্জিত মুনাফা ইতোমধ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের নিজ নিজ পেনশন বা করপাস হিসাবে যুক্ত করা হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি, জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা এবং যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মুনাফা বণ্টনের ফলে গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং পেনশন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

