প্রধান খবর

২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জাপানের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ইএসডিপি-এমওসি নামের এ চুক্তির আওতায় আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান।

সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় এক বছরের প্রচেষ্টার পর গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে সংশ্লিষ্ট চারটি সরকারি সংস্থার প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।

চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। নির্ধারিত মেয়াদ শেষে তা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। মন্ত্রণালয়ের মতে, এ উদ্যোগ জাপানে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ চুক্তির মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *