জুলাই গণ-অভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়; বরং দীর্ঘদিনের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত সংগ্রামের পরিণতিতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। এই সনদ ও গণ-অভ্যুত্থানের চেতনা জাতীয় জীবনের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাসকে কেবল বার্ষিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা উচিত নয়। সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েও জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে তুলে ধরতে হবে। শহীদদের আত্মত্যাগের অঙ্গীকার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাঁদের মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এর কিছু বিষয় সাংবিধানিক এবং কিছু বিষয় আইনগত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনার আলোকে জুলাইয়ের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

