ঈদের সকালে আয়নার সামনে দাঁড়ালেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে চুল কীভাবে সাজাবেন? খোঁপা, বেণি নাকি খোলা চুল কোনটি মানাবে পোশাক ও মেকআপের সঙ্গে? সমসাময়িক ট্রেন্ড আর ধ্রুপদি সৌন্দর্যের মিশেলে এবারের ঈদের জন্য রইল সহজ ও আকর্ষণীয় হেয়ারস্টাইল গাইড।
শাড়ির সঙ্গে খোঁপা সবসময়ই ‘এভারগ্রিন’ ফ্যাশন। ঈদের দাওয়াত বা দিনের যেকোনো আয়োজনে চুল ভালোভাবে আঁচড়ে সিঁথির পেছনে হালকা পনিটেইল করে নিন। এরপর প্রতিটি গোছ আলাদা করে ববি পিন দিয়ে আটকে ভরাট খোঁপা তৈরি করুন। খোঁপা বড় দেখাতে ভিতরের দিকে উল্টো ব্রাশ করে নিতে পারেন। সাজে আভিজাত্য আনতে খোঁপায় দোলনচাঁপা, জারবারা বা লাল গোলাপ জড়িয়ে নিলে লুক আরও উজ্জ্বল হয়ে উঠবে।
ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিকতার ছোঁয়া আনতে চাইলে খোলা চুলে ‘বিচ ওয়েভ’ এখন সবচেয়ে জনপ্রিয়। এই ঢেউ খেলানো লুক পেতে চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে কিছুটা রাফ করে নিন, এরপর টং বা কার্লিং মেশিন দিয়ে হালকা কার্ল করে হাত দিয়ে ছাড়িয়ে নিন। এলোমেলো অথচ গোছানো এই ওয়েভ চেহারায় এনে দেবে স্বাভাবিক আভিজাত্য।
ঈদের ব্যস্ততার মাঝে দ্রুত সাজতে চাইলে টুইস্ট খোঁপা হতে পারে সেরা বিকল্প। কপালের সামনের চুলগুলো ফুলিয়ে পনিটেইল করুন, এরপর ধাপে ধাপে ঝুঁটি বেঁধে মাঝখান দিয়ে উল্টো করে ঘুরিয়ে নিন। চার-পাঁচটি ধাপ শেষে কাঁধের কাছে সাধারণ খোঁপা করে আটকে দিন। খুব কম সময়েই পেয়ে যাবেন জমকালো পার্টি লুক।
ফিউশন পোশাক যেমন সালোয়ার কামিজ, স্কার্ট-টপ বা পালাজ্জোর সঙ্গে মানিয়ে যায় ফাংকি বেণি বা বান। একপাশে সিঁথি করে চিকন বেণি টেনে অন্যপাশে এলোমেলোভাবে পেঁচিয়ে নিলে পাওয়া যায় স্টাইলিশ লুক। আবার বানের চারপাশে পুঁতির মালা জড়িয়ে নিলে তৈরি হয় রাজকীয় আবেদন। খোলা চুলে ফ্যাশন করতে চাইলে একপাশে বেণি করে বাকি চুলে কার্ল বা স্ট্রেট লুক দিতে পারেন।

