ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনে সংহতি প্রকাশ করে মুম্বাইয়ের রাজপথে নেমে আটক হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে পুলিশ।
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট স্থান ছাড়া ওই এলাকায় কোনো বিক্ষোভ বা সমাবেশের অনুমতি ছিল না। অনুমতি না থাকায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ইমরান খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।
এদিকে আটক হওয়ার পর একেবারেই আতঙ্কিত হননি এই অভিনেতা। উল্টো পুলিশের ভ্যানের ভেতর থেকে নিজের একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে রসবোধ বজায় রেখে তিনি লেখেন, “মনে হচ্ছে আমি ড্রাইভ বা ভ্রমণে বের হয়েছি।” তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব হতে দেখা গেছে এই তারকাকে। ভোটার তালিকা সংশোধন ও ছাত্র বিক্ষোভের সময়ও তিনি প্রকাশ্যে সংহতি জানিয়েছিলেন। অন্যদিকে, একই দাবিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতেও ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হলে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়। বিরোধীদের এই সর্বাত্মক আন্দোলন ও তারকাদের আটকের ঘটনায় ভারতীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

