সিডনিতে এআইইউবি অ্যালামনাইয়ের বার্ষিক বনভোজন

প্রবাসের ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে সাবেক সহপাঠী ও স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করতে সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) অ্যালামনাই অস্ট্রেলিয়া-এক্সএআইইউবিয়ানদের বার্ষিক বনভোজন ২০২৬। প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধুত্ব, পারস্পরিক সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

গত ২৬ সেপ্টেম্বর সিডনির ঐতিহ্যবাহী বাঙ্গারিবি পার্কে দিনব্যাপী এই আনন্দঘন বনভোজনের আয়োজন করা হয়। সকাল থেকেই সাবেক শিক্ষার্থী, তাঁদের পরিবার ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উদ্যানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুকূল আবহাওয়ায় সবার উপস্থিতিতে সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পার্কজুড়ে।

এবারের বনভোজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ব্যতিক্রমী ‘লাইভ কুকিং’ ব্যবস্থা। প্রবাসের বুকে উদ্যানের খোলামেলা পরিবেশে দেশীয় খাবার সরাসরি রান্না ও পরিবেশন উপস্থিত সবার মধ্যে দারুণ আগ্রহ তৈরি করে। রান্নার পুরো প্রক্রিয়া উপভোগ করার পাশাপাশি দেশীয় রকমারি খাবারের স্বাদে তৃপ্ত হন উপস্থিত অংশগ্রহণকারীরা। আয়োজকদের মতে, লাইভ কুকিংয়ের এই সুস্বাদু অভিজ্ঞতা এবারের আয়োজনের মূল আকর্ষণে পরিণত হয়েছিল।

খাবারের পাশাপাশি পুরো দিনজুড়ে ছিল নানা রকমের বিনোদনমূলক কর্মসূচি। শিশুদের দৌড়ঝাঁপ ও মজার খেলার পাশাপাশি বড়দের জন্যও বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে থাকা আকর্ষণীয় র‌্যাফেল ড্র পুরো আয়োজনে বাড়তি উন্মাদনা যোগ করে। পুরোনো সহপাঠীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ ও নতুন অভিজ্ঞতার আদান-প্রদানে দিনটি সবার কাছে বিশেষ হয়ে ওঠে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য জোরদার করাই এ ধরনের আয়োজনের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে এই সামাজিক বলয়ের সঙ্গে যুক্ত করে একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলাও তাঁদের অন্যতম লক্ষ্য।

আয়োজকরা আরও আশাবাদ ব্যক্ত করেন, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে এক্সএআইইউবিয়ানদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। একটি সফল ও সুশৃঙ্খল বনভোজন উপহার দেওয়ায় অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক এবং সার্বিক সহযোগিতায় যুক্ত সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *