বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রুবেল মিয়া (৩০)। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলার মাতৃছায়া বৃদ্ধাশ্রমে ঘটনাটি ঘটে। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম মো. রুবেল মিয়া অনধিকার প্রবেশ করে আশ্রয়ে থাকা ৩০ বছর বয়সী ওই প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অপচেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে সেখানে অবস্থানরত অন্যান্য লোকজন ও দায়িত্বশীলরা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং আটকে রাখেন। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

তবে অভিযোগের বিষয়ে আটক ইমাম রুবেল মিয়ার দাবি, তিনি কোনো অসৎ উদ্দেশ্যে যাননি; বরং আশ্রমে থাকা অসহায় নারী-পুরুষদের মানবিক সেবা প্রদানের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ভুক্তভোগী ও আশ্রম কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *