পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আগারগাঁওয়ের চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এ বছরের কেন্দ্রীয় জামাত। রোববার ডিএনসিসির কনফারেন্স রুমে আয়োজিত প্রস্তুতি সভায় সময়সূচি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সভায় জানানো হয়, নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য তিনটি গেট থাকবে, পাশাপাশি নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থাও রাখা হবে, যাতে কেউ ভোগান্তিতে না পড়েন।
ডিএনসিসি জানিয়েছে, মাঠের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ঈদের দিন ভোর থেকেই মাঠে স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের কর্মীরা দায়িত্ব পালন করবেন।

