বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান আবারও বিশ্বের ধনী তারকাদের তালিকায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় ধনী হিসেবে উঠে এসেছে তার নাম। বর্তমান হিসাব অনুযায়ী প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার নিট সম্পদ নিয়ে তিনি ভারতের ধনী অভিনেতাদের মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছেন।
প্রকাশিত তালিকায় বিনোদন জগতের আরও কয়েকজন আন্তর্জাতিক তারকার নাম রয়েছে। তাদের মধ্যে সংগীত জগতের তারকা জে-জি, টেলর সুইফট ও রিয়ানাও রয়েছেন। তবে বিনোদন অঙ্গনের ধনীদের মধ্যে শীর্ষে আছেন নির্মাতা জর্জ লুকাস, যার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।
যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। গত বছর তার মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবুও নতুন তালিকায় ভারতের ধনী তারকাদের মধ্যে তার অবস্থান এখনও উল্লেখযোগ্য।
শাহরুখ খানের বিপুল সম্পদের পেছনে শুধু অভিনয় নয়, রয়েছে শক্তিশালী ব্যবসায়িক কর্মকাণ্ডও। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ বর্তমানে ভারতের অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এছাড়া আইপিএলের জনপ্রিয় দল ‘কলকাতা নাইট রাইডার্স’-এর সহ-মালিক হিসেবেও তিনি বড় অঙ্কের আয় করেন। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণা থেকেও উল্লেখযোগ্য আয় করেন এই তারকা।
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ‘কিং’ নামের নতুন সিনেমায় তাকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার মেয়ে সুহানা খানের। ২০২৬ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা থাকা এই সিনেমায় আরও অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অনিল কাপুর।

