ইউরোপের দেশ ইতালিতে পরিবারসহ ঘুরতে গিয়ে চরম হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশটির মেস্ত্রে শহরের একটি পার্কের রাস্তায় স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তদন্ত ও ভিডিও চিত্র বিশ্লেষণে ইতোমধ্যে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় সামনে এসেছে।
সংবাদ সূত্রে জানা গেছে, বাঁধন তার ছোট ভাইয়ের পরিবারের সঙ্গে মেস্ত্রের একটি পার্কে অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ কয়েকজন ব্যক্তি তাকে ঘেরাও করে বিভিন্ন ধরনের কটূক্তি ও আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে অভিনেত্রীর ওপর কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিক নিগ্রহের চেষ্টা করা হয়। এই সময় বাঁধার সৃষ্টি করলে তাকে শাসানো হয় এবং তার মুঠোফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। আকস্মিক এই হামলায় পার্কের মধ্যে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনাটি ‘মনিরুল হাওলাদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা হয়, যার ক্যাপশনে উসকানিমূলক বার্তা লেখা ছিল। অনুসন্ধানে জানা যায়, ভিডিও প্রচারকারী এই মনিরুলের বাড়ি মাদারীপুর জেলায় এবং তিনি স্থানীয় ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি অবৈধ পথে ইতালি পৌঁছান।
ভিডিওর দৃশ্য ধারণ ও পর্যালোচনা করে হামলায় সরাসরি যুক্ত থাকা আরও কয়েকজনের পরিচয় শনাক্ত হয়েছে। অভিনেত্রীর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বারবার পানি ছুড়ে দিতে দেখা গেছে শিপল মাহমুদ বিপ্লব নামের এক ব্যক্তিকে, যার বাড়ি শরীয়তপুরে। তিনি ভেনিস শাখা আওয়ামী লীগের সক্রিয় কর্মী। অন্যদিকে, এগিয়ে গিয়ে বাঁধনকে থাপ্পড় দেওয়ার চেষ্টা চালান ইলিয়াস মিয়া নামে অপর এক ব্যক্তি। আঘাত লেগে অভিনেত্রীর হাত থেকে মুঠোফোনটি ছিটকে নিচে পড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ইলিয়াস ভেনিস আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত।
এছাড়া, অভিনেত্রীকে বারবার হাত উঁচিয়ে শাসাতে দেখা যায় আলতাফ পাহাড় নামের সাবেক এক ছাত্রলীগ কর্মীকে, যিনি বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক অঙ্গনে একজন প্রখ্যাত শিল্পীর ওপর এমন সংগঠিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসী বাংলাদেশি ও সংস্কৃতিকর্মীরা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে।

