প্রধান খবর

বাঁধনকে হেনস্তাকারীরা খুনিদের দালাল: সারজিস আলম

ইতালির ভেনিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে সক্রিয় সমর্থনের জেরে আন্তর্জাতিক মঞ্চে ঘটা এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক ও এনসিপি নেতা সারজিস আলম।

সোমবার রাতে নিজের ভেরিফয়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় সারজিস আলম লেখেন, “আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য রাজপথে নেমেছেন।” হেনস্তাকারীদের কড়া সমালোচনা করে তিনি বলেন, বাঁধন আক্রমণকারীদের ভাই বলে সম্বোধন করলেও তারা আসলে বাঙালি নামের কলঙ্ক এবং বিবেক বিক্রি করে দেওয়া নরপশু ছাড়া আর কিছুই নয়।

সারজিস আলম তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে আরও উল্লেখ করেন, তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের অপকর্ম ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়াতেই বাঁধনকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। খুনিদের দালালি করা এসব মানুষের মধ্যে ন্যূনতম মানবিকতা অবশিষ্ট নেই উল্লেখ করে তিনি অভিনেত্রীকে বিন্দুমাত্র মন খারাপ না করার পরামর্শ দেন। এনসিপির এই নেতা জোর দিয়ে বলেন, পুরো বাংলাদেশ ও দেশের সাধারণ জনগণ সবসময় তার পাশে রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা যায়, ইতালিতে অবস্থানরত একদল যুবক নিজেদের প্রবাসে সক্রিয় ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করছেন এবং তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চড়াও হওয়ার চেষ্টা করছেন। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর ওপর বিদেশের মাটিতে এমন রাজনৈতিক হিংসাত্মক আচরণের বিরুদ্ধে সাধারণ নাগরিক ও সামাজিক মাধ্যমে চরম অসন্তোষ প্রকাশ পাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *