পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেল সমৃদ্ধ রিভার্স প্রদেশে একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন থেকে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টার সময় ভয়াবহ কাণ্ড ঘটেছে। বের হওয়া অতিরিক্ত ঘন ও বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এসে অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির উদ্ধারকারী দল ও পরিবেশবাদী সংস্থার বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে গভীর রাতে। জানা গেছে, ওক্রিকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় ২০০ জনেরও বেশি তরুণ ও যুবক কাঠের তৈরি বিশেষ ট্রলার ও নৌকা নিয়ে ওই এলাকায় উপস্থিত হন। তারা একটি আন্তর্জাতিক পেট্রোকেমিক্যাল শোধনাগার সংলগ্ন রফতানিমুখী পাইপলাইনে অবৈধ ‘ট্যাপিং পয়েন্ট’ বা সংযোগ তৈরি করে অনিয়মতান্ত্রিকভাবে পাত্রে জ্বালানি তেল ভরার বিপজ্জনক চেষ্টা করছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত মানবাধিকার ও পরিবেশভিত্তিক সংগঠন ‘ইয়েক-নাইজেরিয়া’-র নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, পাইপলাইনের ভেতরে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত দ্রবাদি প্রবাহিত করার সময় অসাবধানতাবশত রাসায়নিক বিক্রিয়া ও ঘন বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। এর তীব্র ঝাঁঝালো ও বিষাক্ত ধোঁয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থাকা বিপুলসংখ্যক তরুণ অসুস্থ হয়ে ঢলে পড়েন এবং অনেকেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।
অজ্ঞান হয়ে পড়ার পরপরই বেশ কয়েকজন তরুণ সরাসরি পাশের নদীতে পড়ে তলিয়ে যান। এখন পর্যন্ত নদী থেকে ৪৩ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। ফলে প্রাণহানির এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ব্লেসিং আগাবে জানান, পুরো ঘটনার নিখুঁত তথ্য ও প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

