পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর সোয়া দুটায় পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছেন নাহিদ রানা। তরুণ এই পেসার ম্যান ইন গ্রিনদের ব্যাটিং লাইনআপে রীতিমত তাণ্ডব চালিয়েছেন। গতি আর বাউন্সের সমন্বয়ে পাকিস্তানি ব্যাটারদের বিপাকে ফেলেছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও নাহিদের দুর্দান্ত বোলিংই চাইবে দল।
মিরাজ নিশ্চিতভাবেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইবেন। কেননা বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের লক্ষ্য থাকবে সিরিজে টিকে থাকার।
বাংলাদেশের একাদশে এদিন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কেননা দলের উইনিং কম্বিনেশন ভাঙতে রাজি না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে পাকিস্তানের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ।

