ভোলায় কোনো ধরনের চাঁদাবাজ ও টেন্ডারবাজদের ঠাঁই হবে না বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। টিআর, কাবিখাসহ সরকারি সকল বরাদ্দের স্বচ্ছ হিসাব বুঝে নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি নিজে কোনো দুর্নীতি করব না। যারা অন্যায় ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবে, তারা কখনোই আমার লোক হিসেবে গণ্য হবে না।”
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সফরকালে শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। নিজের পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে আবেগঘন কণ্ঠে পার্থ বলেন, “আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে আপনারা যেভাবে ভালোবেসে পাশে ছিলেন, আমাকেও সেভাবে ভালোবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী বা এমপি বলে সম্বোধন করবেন না; আমি আপনাদের সন্তান, বলবেন মঞ্জু মিয়ার ছেলে পার্থ।”
সম্মিলিত প্রচেষ্টায় ভোলার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে তথ্যমন্ত্রী জানান, সার্বিক রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সকল দলকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। নির্বাচনে যারা তাঁর বিপক্ষে ছিলেন, তাঁদের জন্যও তাঁর দরজা সর্বদা উন্মুক্ত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বহুপ্রতিক্ষিত ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়ে মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “ভোলা-বরিশাল সেতু অবশ্যই নির্মাণ করা হবে। এই সেতুর দাবীতে আমরা দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছি। জাতীয় সংসদে স্পিকারসহ অন্য সদস্যরা কথা বললেও আমি সবচেয়ে বেশি সোচ্চার থেকেছি।” সড়কপথে ভোলার সঙ্গে ঢাকার দ্রুত যোগাযোগের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এর আগে সকালে সড়কপথে বরিশাল হয়ে ভোলায় পৌঁছালে লঞ্চঘাট ও দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে বর্ণাঢ্য ফুলেল শুভেচ্ছা জানান।

