প্রধান খবর

গ্রিসে নৌযান থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিক কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌযানের অবস্থান শনাক্ত করে। পরে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নৌযান দুটিতে থাকা অভিবাসীদের নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন। তবে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৮৫ জন বলে জানিয়েছিল গ্রিসের সরকারি সংবাদ সংস্থা এএনএ। পরবর্তী সময়ে দেশটির কোস্টগার্ড প্রকৃত সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করে।

সাম্প্রতিক সময়ে গ্রিসের ক্রিট ও নিকটবর্তী গাভদোস দ্বীপ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের প্রত্যাশী অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। গাভদোস লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় অনেক অভিবাসী এই রুট ব্যবহার করছেন।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গ্রিসে অভিবাসী প্রবেশের হার কিছুটা কমেছে। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে প্রবেশ করেন। পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে অভিবাসী আগমনের সংখ্যা প্রায় ৩১ শতাংশ কমেছে।

ইউরোপে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশ কঠোর নীতি গ্রহণ করেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীদের যাত্রাপথের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করেছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস প্লেভরিসও অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। অভিবাসীদের আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানিসহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *