প্রধান খবর

সিডনিতে অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে সিডনিতে এক জমকালো আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের অস্ট্রেলিয়া শাখার নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের কল্যাণে কাজ করা এবং প্রবাসের মাটিতে দলের আদর্শ ও রাজনৈতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমানের সঞ্চালনায় সিডনির একটি কনফারেন্স হলে সভার সূচনা হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক ওয়ারিস মাহমুদ। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ওমি ফেরদৌস।

প্রধান বক্তার বক্তব্যে ইয়াছিন আলী বলেন, “তারেক রহমান যে মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন, তা নস্যাৎ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রবাসের মাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।” বিশেষ অতিথি নাজমুল হাসান ও ওমি ফেরদৌস বিগত আন্দোলনে অস্ট্রেলিয়া শাখার বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে দেশ ও মানুষের সেবায় প্রবাসীদের কার্যকর ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানসহ আরও উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, সহ-সভাপতি আশরাফুল আলম ও ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম শফিক, যুগ্ম সম্পাদক নাদিম ফারুকী এবং যুবদল অস্ট্রেলিয়ার প্রস্তাবিত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাঁজা দাউদ হোসেন, মোস্তাফিজুর রহমান লাবু, মোহাম্মদ মুরাদ হোসেন, ওয়ারিস মাহমুদসহ নিউ সাউথ ওয়েলস শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *