মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো ইরানি গণমাধ্যম

ইরানের শীর্ষ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং মেহর নিউজসহ একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমবারের মতো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে তাঁহাকে শিক্ষার্থীদের সাথে একটি ধর্মীয় একাডেমিক স্টাডি সেশনে সভাপতিত্ব করতে এবং তাদের গবেষণাপত্র পর্যালোচনা করতে দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই ফুটেজটি কেবল মোজতবা খামেনির বিরল উপস্থিতিই তুলে ধরেনি, বরং এই প্রথমবার তাঁর কণ্ঠস্বর জনসম্মুখে ও আন্তর্জাতিক গণমাধ্যমে শোনা গেল। প্রকাশিত ভিডিওতে তাঁকে শিক্ষার্থীদের একটি গবেষণার মূল্যায়নে মতামত দিতে এবং রেজিম বা শাসনব্যবস্থার ‘ইসলামিক সিকিউরিটি মডেল’ নিয়ে আলোচনা করতে শোনা যায়।

তবে ভিডিওটি ঠিক কোন স্থানে এবং কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময় উল্লেখ করেনি ফার্স বা মেহর নিউজ। ফলে ফুটেজটি সাম্প্রতিক সময়ে ধারণ করা হয়েছে নাকি তাঁর সর্বোচ্চ নেতা হওয়ার পূর্বের কোনো আর্কাইভাল চিত্র, তা স্বাধীনভাবে পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তাঁর ৫৬ বছর বয়সী সুযোগ্য সন্তান মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে তাঁর সরাসরি প্রকাশ্য উপস্থিতি বা ভাষণের অভাব এবং হামলায় তিনি আহত হয়েছেন-এমন বিভিন্ন আন্তর্জাতিক জল্পনা-কল্পনার মধ্যে এই ভিডিওটি ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রকাশ করতে এবং গুজব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *