মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ২৫ বাংলাদেশি এজেন্সি

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। শুক্রবার (২১ আগস্ট) তালিকাটি প্রকাশ করা হয়।

তালিকায় থাকা ২৫টি এজেন্সির মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ, আর্থ-স্মার্ট বাংলাদেশ, খান জাহান আলী ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ, রিফা ইন্টারন্যাশনালসহ অন্যান্য প্রতিষ্ঠান। তবে তালিকা প্রকাশ হলেও কর্মী নিয়োগ কবে থেকে এবং কোন প্রক্রিয়ায় শুরু হবে, সে বিষয়ে মালয়েশিয়া সরকার এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

এর আগে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরদিন ১ জুন থেকে নতুন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ করে দেয় দেশটি। এতে টিকিট থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। ওই সময় প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশের সুযোগ হারান। পরে তাদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীকে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত হলেও প্রায় ৫ হাজার কর্মী এখনো যাওয়ার অপেক্ষায় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শ্রমবাজার বন্ধ হওয়ার পর থেকে এটি পুনরায় চালুর জন্য বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও উদ্যোগ চলে। তবে দীর্ঘ সময়েও কার্যকরভাবে বাজারটি চালু করা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও আলোচনার পর বিষয়টি আবারও গতি পেয়েছে। ২৫টি বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশকে সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে তালিকা প্রকাশের পরও কর্মী পাঠানোর পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। কবে থেকে নিয়োগ শুরু হবে, কীভাবে কর্মী বাছাই করা হবে এবং তালিকাভুক্ত ২৫টি এজেন্সি কোন প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে এসব বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ফলে কর্মী পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *