ফেসবুক একাউন্টে প্রকাশিত একটি নিজস্ব লাইভ ভিডিও অনুমতি ছাড়া ডাউনলোড করে প্রচার এবং পরবর্তীতে মূল সৃষ্টিকর্তাকেই ‘মিথ্যা’ কপিরাইট ক্লেইম দেওয়ার অভিযোগে চ্যানেল আইয়ের প্রকাশক শাইখ সিরাজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশের বিবরণ থেকে জানা যায়, গত ২৬ জুলাই সাংবাদিক জি এম মশিউর রহমান মিলন তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতে ধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ শীর্ষক একটি লাইভ ভিডিও সম্প্রচার করেন। পরবর্তীতে সেই ভিডিওটি অনুমতি ব্যতিরেকে ডাউনলোড করে ‘চ্যানেল আই ডিজিটাল’ নিজেদের প্ল্যাটফর্মে সম্প্রচার করে। ভিডিওটিতে প্রায় ৮১৫টি লাইক, ২৭৯টি মন্তব্য এবং ২৬৭টি শেয়ার সম্পন্ন হয়েছিল, যা এর ব্যাপক সামাজিক প্রচার ও প্রভাবকে নির্দেশ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ প্রযুক্তি ব্যবহার করে উক্ত ভিডিওটির ওপর স্বত্ব দাবি করে। তাঁরা ভিডিওটির ০০:৩৩ থেকে ০৬:০৩ মিনিট পর্যন্ত অংশের মালিকানা তাদের বলে কপিরাইট ক্লেইম স্ট্রাইক প্রদান করে। এর ফলে মূল ভিডিও সৃষ্টিকর্তার অনলাইন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।
প্র প্রেরিত এই আইনি নোটিশে প্রাপ্তির ৭ দিনের মধ্যে শাইখ সিরাজ তথা চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে তিনটি নির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো— অনতিবিলম্বে ওই ভিত্তিহীন কপিরাইট দাবি প্রত্যাহার করে মূল ভিডিওটি পুনরায় সচল করা, পেশাগত অবমাননার জন্য সাংবাদিক মিলনের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করা এবং মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা প্রদান করা।
নোটিশে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লেখিত দাবিগুলো মেনে নেওয়া না হলে দেশের প্রচলিত কপিরাইট আইন, সাইবার নিরাপত্তা আইন ও মানহানি আইনের আওতায় উপযুক্ত আদালতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

