মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিমাঞ্চলে স্বর্ণ খনি ধসের ঘটনায় অন্তত ৩০ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে এই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও বেঁচে যাওয়া ব্যক্তিরা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া খনি শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে জানান, মঙ্গলবার সকালে স্বল্প প্রযুক্তিতে পরিচালিত ও প্রথাগত উপায়ে খনন করা ওই খনিটি হঠাৎ করেই ধসে পড়ে। বিকট শব্দে মাটি ধসে পড়লে ভেতরে কাজ করতে থাকা বহু শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
আব্বা অঞ্চলের ডেপুটি মেয়র সুলেমান বি জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় বহু ঘণ্টার প্রাণপণ চেষ্টায় ধসে পড়া স্থান থেকে এখন পর্যন্ত ৩০টি নিথর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা দুর্ঘটনায় বিপুল প্রাণহানিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় জরুরি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে সরকার।
উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোনো ধরনের আধুনিক প্রযুক্তি বা নিরাপত্তামূলক সরঞ্জাম ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে স্বর্ণ ও হীরা উত্তোলন করা হয়। পর্যাপ্ত সুরক্ষার অভাব এবং অনিয়ন্ত্রিত খনন পদ্ধতির কারণে দেশটির এসব অবৈধ ও ছোট খনিগুলোতে প্রায়শই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

