প্রধান খবর

পাইন হোমস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ : ৩৩ দলের লড়াইয়ে আম্পায়ার প্যানেল ঘোষণা

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ক্রিয়া উৎসব ‘পাইন হোমস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপস ২০২৬’ (Pine Homes Badminton Championships 2026) ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজক সংগঠন ‘লেজেন্ডস ব্যাডমিন্টন ক্লাব’-এর ব্যবস্থাপনায় আগামী ৬ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই ৪০+ ডাবলস চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে ৩৩টি দল তাদের নিবন্ধন সম্পন্ন করেছে। এখনও নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

টুর্নামেন্টটি আন্তর্জাতিক মান ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের একটি আম্পায়ার প্যানেল উন্মোচন করা হয়েছে। এই প্যানেলে প্রধান ম্যাচ সমন্বয়ক (Main Match Coordinator) হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ। পাশাপাশি ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন আদন, আজওয়াফ, আসিফ ও রিজভী। টুর্নামেন্টের শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে আম্পায়ারদের সঙ্গে একটি বিশেষ টেকনিক্যাল ডিনার মিটিং সম্পন্ন হয়েছে, যেখানে সার্বিক নিয়মাবলী ও সূচি নিয়ে বিশদ আলোচনা করা হয়।

আম্পায়ার প্যানেল ঘোষণার পাশাপাশি আয়োজনের বিশেষ অংশে সম্প্রতি বিবিপিএ (BBPA) টুর্নামেন্ট ২০২৬-এর ডাবলস শিরোপাজয়ী আদন ও আজওয়াফকে বিশেষ সম্মাননা প্রদান করে লেজেন্ডস ব্যাডমিন্টন ক্লাব। কমিউনিটিতে ব্যাডমিন্টনের প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্লাবের দুই সম্মানিত উপদেষ্টা মো. আতিকুর রহমান এবং তারিক কবিরকেও বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্রতিযোগিতায় এখন পর্যন্ত শামীম-আতিক, রেদোয়ান-জহির, প্রিন্স-বাপ্পি, মোরশেদ-ফরহাদ এবং শাহেদ-রবিন সহ মোট ৩৩টি শীর্ষস্থানীয় জুটি অংশ নিয়েছে। শিগগিরই নিবন্ধনের চূড়ান্ত সময়সীমা শেষে অফিশিয়াল ড্র ও পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করবে আয়োজকরা। অস্ট্রেলিয়ার বাংলাদেশি তরুণ ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে ৬ ও ১৩ সেপ্টেম্বরের এই প্রতিযোগিতাটি প্রবাসী কমিউনিটিতে এক স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *