প্রধান খবর

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অলরাউন্ডার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (১৫ আগস্ট) তাঁর ভেরিফায়েড পেজে এক আবেগঘন বার্তা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত পোস্ট শেয়ার করে এই শ্রদ্ধা প্রকাশ করেন তিনি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা বার্তায় সাকিব লেখেন, “মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।” শ্রদ্ধা জানানোর পাশাপাশি ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে প্রাণ হারানো বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত ও পরম শান্তি কামনা করেন তারকা এই ক্রিকেটার।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে এক নারকীয় ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। ঘাতকদের বুলেটে সেদিন সপরিবারে প্রাণ হারান তিনি। এই হামলায় নিহত হন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাঁর তিন পুত্র-শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল এবং দুই বধূ সুলতানা কামাল ও রোজী জামাল।

একই সঙ্গে ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, নিরাপত্তা কর্মকর্তা ও সেনাসদস্যদের। নারকীয় এই তাণ্ডব থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির পরিবার এবং ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের পরিবারও। সে সময় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

রাজনীতি ও ঐতিহাসিকভাবে ১৫ আগস্ট দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় দিনটি সরকারি ছুটিসহ ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই দিনে ঘোষিত সরকারি ছুটি বাতিল করে, যা বর্তমানেও বহাল রয়েছে। ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন হলেও দেশের বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন দিনটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *