শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের নেওয়া হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তারা পুলিশকে খবর দিলে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুস্তম আলী ও ওই নারীকে হেফাজতে নেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে রুস্তম আলীর দূরসম্পর্কের শালী বলে জানা গেছে। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়।
তবে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ওই নারী বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তার বক্তব্যের সঙ্গে রুস্তম আলীর বক্তব্যেরও অসঙ্গতি পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি।

