প্রধান খবর

দক্ষিণ কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই সাবেক চীনা সেনা কর্মকর্তা গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের সাবেক দুই সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার তথ্য সংগ্রহ এবং সামরিক যোগাযোগে আড়ি পাতার অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ৬০-এর কোঠায় থাকা এক সাবেক পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কর্মকর্তা ২০২৪ সালের জানুয়ারি থেকে পর্যটন ভিসায় একাধিকবার দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন। তিনি গুনসান শহরের একটি বিমানবন্দরের কাছে অবস্থান করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে যুদ্ধবিমান ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের যোগাযোগে আড়ি পাততেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অবস্থান ও কর্মকাণ্ডের সময় দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের নিয়মিত বিমান মহড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। জিজ্ঞাসাবাদে তিনি বিমান যোগাযোগ শোনাকে নিজের শখ হিসেবে উল্লেখ করেছেন। তবে সংগৃহীত তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্য সন্দেহভাজন ৪৫ বছর বয়সী সাবেক পিএলএ কর্মকর্তা পিয়ংটেকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রিসের কাছে একটি সামরিক সরঞ্জামের দোকান পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, তিনি ঘাঁটিতে কর্মরত এক দক্ষিণ কোরীয় নারীর মাধ্যমে যৌথ সামরিক মহড়া, সেনা চলাচলসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করেন।

দুই ব্যক্তির বিরুদ্ধেই শত্রুকে সহায়তা, সামরিক তথ্য সুরক্ষা এবং যোগাযোগের গোপনীয়তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *