জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে টানা দুই বছর এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। চলতি বছর বিদ্যালয়টির ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরও ১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। এমপিওভুক্ত বিদ্যালয়টিতে বর্তমানে চারজন শিক্ষক কর্মরত রয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগের ঘাটতি ফল বিপর্যয়ের অন্যতম কারণ। চলতি বছরের ১১ পরীক্ষার্থীর মধ্যে নয়জনই বিবাহিত ছিলেন। এমনকি পরীক্ষা শুরুর মাত্র তিন দিন আগে তিনজন শিক্ষার্থীর বিয়ে হয়েছে বলেও জানান তিনি।
প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সময়ে রাজনৈতিক সমস্যার কারণে শিক্ষার পরিবেশও বিঘ্নিত হয়েছে। তবে ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এদিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদ্রাসা থেকেও চলতি বছর ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বলেন, টানা দুই বছর বিদ্যালয়টির শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

