১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। সোমবার (১০ আগস্ট) আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়।
বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে আবুল কালাম আযাদ পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পর আপিলের শর্তে তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিল দায়েরের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।
আবুল কালাম আযাদের পক্ষে আদালতে আইনজীবী মশিউল আলম শুনানি করেন। তিনি জানান, রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে আত্মসমর্পণ করে আপিল করার শর্তে তার সাজা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি আদালতে আত্মসমর্পণ করে আপিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন।

