প্রধান খবর

ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে অবস্থানরত ইরানের ১১টি নৌযান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় ইরানের কোনো সামরিক জাহাজ নেই।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় কমান্ড জানায়, দুই দিন আগে ওমান উপসাগরে ইরানের ১১টি জাহাজ ছিল, এখন সেই সংখ্যা শূন্য। আন্তর্জাতিক নৌ-পরিবহনের স্বাধীনতা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

কমান্ড আরও অভিযোগ করে, ইরান দীর্ঘদিন ধরে ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হয়রানি ও হামলা চালিয়ে আসছিল। তাদের দাবি, এ ধরনের কার্যক্রম আর চলতে দেওয়া হবে না।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের নয়টি নৌযান ডুবিয়েছে এবং দেশটির নৌ সদর দপ্তরে হামলা চালিয়েছে। তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত থাকার ইঙ্গিত দেন।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ওমান উপসাগর হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত, যা বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *