রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ওই ভবন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত যুবকের নাম মো. শাকিল (২০)। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার ঝিগাতলা শিবপুরটালি অফিস এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের ভেতর থেকে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাকিলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া ও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। সিআইডির ফরেনসিক দল আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে।
ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ আত্মহত্যা নাকি অন্য কিছু, তা স্পষ্টভাবে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

