আজাদি-আজাদি’ করলেই নেওয়া হবে অ্যাকশন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভারতে ‘নিট-ইউজি’ প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজধানী দিল্লির উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। আন্দোলনকারীদের ‘আজাদি-আজাদি’ স্লোগান নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্দোলন বিক্ষোভের নামে দেশবিরোধী স্লোগান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও রাজপথ ছাড়েনি শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। যন্তর মন্তরের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার অংশ হিসেবে শুক্রবার রাজ্যটির শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠন ও সিজেপির সমর্থনে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। উল্টোরথের দিনে আয়োজিত এই মিছিল থেকে ‘আজাদি-আজাদি’ স্লোগান উঠলে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা এলাকা।

নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে রথযাত্রার এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রথের উৎসবের দিন সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়াতেই ইচ্ছা করে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সমাবেশ করুন, নিজেদের যৌক্তিক দাবি জানান— তাতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু বিক্ষোভের নামে মিছিল থেকে যদি কোনো ধরনের দেশবিরোধী স্লোগান তোলা হয়, তবে সরকার হাত গুটিয়ে বসে থাকবে না।”

তিনি স্পষ্ট করে বলেন, “১৯৪৭ সালে দেশ স্বাধীনতা পেয়েছে। তারপরও যদি রাজপথে ‘আজাদি, আজাদি’ স্লোগান ওঠে, তবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের চিহ্নিত করে সরাসরি অ্যাকশন নিতে।” ইতিমধ্যে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে বলেও তিনি জানান। এছাড়া এর প্রতিবাদে উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে জাতীয় পতাকা হাতে এক বিশাল পাল্টা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *