প্রধান খবর

স্পেনের বিশ্বকাপ জয়ে সিডনিতে ‘বাজির বদলে ভোজ’: প্রবাসে দুই বন্ধুর অনন্য সম্প্রীতি

ফুটবল বিশ্বকাপের মহারণ ঘিরে বিশ্বজুড়ে যখন সমর্থকদের মধ্যে উন্মাদনা ও বাদানুবাদ, ঠিক তখনই অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে দেখা গেল এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ চিত্র। স্পেনের শিরোপা জয়ের পর অর্থের কোনো অর্থহীন বাজি নয়, বরং বন্ধুদের জন্য আন্তরিক নৈশভোজের আয়োজন করে নজর কেড়েছেন সিডনিপ্রবাসী দুই বন্ধু।

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালের আগে মজার এক চ্যালেঞ্জে মেতেছিলেন স্পেনের সমর্থক মোজাম্মেল বাবু এবং আর্জেন্টিনার সমর্থক মো. জাকির আহমেদ রুবেল। শর্ত ছিল একটাই-স্পেন চ্যাম্পিয়ন হলে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করবেন মোজাম্মেল বাবু, আর আর্জেন্টিনা জিতলে সেই দায়িত্ব নেবেন জাকির আহমেদ রুবেল।

ফাইনালে স্পেনের বিজয়ের মাধ্যমে ট্রফি নিশ্চিত হওয়ার পর সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নিজের কথা রাখেন মোজাম্মেল বাবু। সিডনির জনপ্রিয় ‘নওয়াব রেস্টুরেন্টে’ বন্ধু ও শুভানুধ্যায়ীদের একত্রিত করে আয়োজন করা হয় এক প্রীতি ভোজের।

স্পেন ও আর্জেন্টিনা-উভয় দলের সমর্থকরাই হাসিমুখে অংশ নেন আনন্দঘন এই মিলনমেলায়। খেলার মাঠের প্রতিদ্বন্দ্বিতাকে মাঠেই সীমাবদ্ধ রেখে প্রবাসে সম্প্রীতি ও বন্ধুত্বের এক চমৎকার বার্তা দেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও “বাজির বদলে ভোজ” শিরোনামের এই ইতিবাচক উদ্যোগটি সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি সর্বস্তরের ফুটবলপ্রেমীদের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *