যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর তালিকা কিংবা আলোচ্যসূচি সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

