গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় ভুলবশত ‘জয় বাংলা’ উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দলের উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
লিখিত বক্তব্যে শফিজল ইসলাম বলেন, ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘জয় বাংলা’ উচ্চারণ করেন। তিনি দাবি করেন, এটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত একটি বলার ভুল।
এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, তার সঙ্গে কখনোই আওয়ামী লীগের রাজনীতির কোনো সম্পৃক্ততা ছিল না।
সংবাদ সম্মেলনের শেষাংশে শফিজল ইসলাম ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

