প্রধান খবর

শিক্ষাভবনে ব্যারিকেড, দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীতে বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সমবেত হয়ে সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন।

শিক্ষার্থীদের অগ্রযাত্রার খবর পেয়ে আগেই শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড স্থাপন করে তা শিকল দিয়ে তালাবদ্ধ করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি জলকামানও প্রস্তুত রাখা হয়।

বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তবে এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা কিংবা উসকানিমূলক কোনো কার্যক্রম দেখা যায়নি। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করলে ধীরে ধীরে সায়েন্সল্যাব মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *