প্রধান খবর

দেড় মাসেই ৫২৭ কোটি টাকার বাঁধে ধস, আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্পের আওতায় প্রায় ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্থায়ী বাঁধের একটি অংশে দেড় মাসের মধ্যেই ধস দেখা দিয়েছে। গাঁওদিয়া ইউনিয়নের গাঁওদিয়া বাজারসংলগ্ন এলাকায় পদ্মার তীব্র স্রোতে সিসি ব্লক নদীগর্ভে বিলীন হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে বাঁধের ব্লকগুলো ধসে পড়ে। এতে ঝুঁকিপূর্ণ এলাকার অনেক পরিবার নিরাপত্তার স্বার্থে ঘরের মালামাল সরিয়ে নিতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, এত বড় ব্যয়ের প্রকল্পে এত অল্প সময়ের মধ্যে ধস নির্মাণমান নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনার পর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে আতঙ্কের কোনো কারণ নেই। তবে স্থানীয়দের দাবি, শুধু সাময়িক মেরামত নয়, প্রকল্পের নকশা, নির্মাণকাজের মান এবং ব্যবহৃত উপকরণের গুণগত মান নিরপেক্ষভাবে তদন্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পটি ২০২১ সালে শুরু হয়। প্রায় ৯ দশমিক ১০ কিলোমিটার এলাকাজুড়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ শুরু থেকেই ধীরগতির অভিযোগ ছিল। বর্ষার শুরুতেই বাঁধে ধসের ঘটনায় প্রকল্পের কার্যকারিতা ও নির্মাণমান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *