দূর প্রবাসে বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম ও অন্যান্য চ্যালেঞ্জযুক্ত) শিশু এবং তাদের পরিবারগুলোর মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এক ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া আয়োজন করেছে সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক (এসবিডব্লিউএন)। গত ১২ জুলাই (রোববার) সিডনির অরান পার্ক লাইব্রেরির স্যান্ডাউন রুমসে অনুষ্ঠিত হয় “Special Needs Family Bus Ride & Networking Day” শীর্ষক এই বিশেষ মিলনমেলা। এই আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের মোট ৭২ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে এত বড় পরিসরে এ ধরনের আয়োজন এটাই প্রথম।
দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনটি ছিল আনন্দ, পারস্পরিক সংযোগ, সহমর্মিতা এবং সমর্থনের এক অনন্য উদাহরণ। শিশুদের বিনোদনের জন্য অনুষ্ঠানস্থলে ছিল ইনডোর প্লেগ্রাউন্ড, জাম্পিং ক্যাসলসহ নানা ধরনের আকর্ষনীয় কার্যক্রম। সেখানে কোনো ধরনের জড়তা ছাড়াই শিশুরা নির্ভারভাবে খেলায় মেতে ওঠে এবং নতুন নতুন বন্ধু তৈরি করে। অন্যদিকে অভিভাবকদের জন্যও ছিল এক উন্মুক্ত ও স্বস্তিদায়ক পরিবেশ, যেখানে তাঁরা নিজেদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং অনুভূতিগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ পান। বিশেষ করে বাবাদের জন্য আয়োজিত “Parents Space Forum”-এ অংশগ্রহণকারীরা তাদের সন্তানদের লালন-পালনের বাস্তব সংগ্রাম ও অভিজ্ঞতার কথা অকপটে তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল একটি বিশেষ মিউজিক থেরাপি ওয়ার্কশপ, যা শিশুদের মধ্যে সৃজনশীলতা এবং পারস্পরিক যোগাযোগের এক চমৎকার পরিবেশ তৈরি করে। সুর ও ছন্দের জাদুতে শিশুরা নিজেদের আবেগ প্রকাশের সুযোগ পায়। আয়োজকদের মতে, এটি কেবল কোনো সাধারণ পিকনিক বা সামাজিক অনুষ্ঠান ছিল না; বরং এটি ছিল এমন কিছু পরিবারের জন্য একটি নিরাপদ ও সহানুভূতিশীল প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা উপলব্ধি করতে পেরেছেন যে এই লড়াইয়ে তাঁরা একা নন। বিশেষ শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি কমিউনিটির কাছে কতটা গুরুত্বপূর্ণ-এই বার্তাই ছিল অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারগুলোর সঙ্গে সময় কাটান এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. খোদেজা আখতার এবং একটি সেবা সংস্থার পরিচালক ডা. রুমানা আফরোজ। তাঁরা বিশেষ শিশুদের সামগ্রিক উন্নয়ন ও পরিবারগুলোর মানসিক সুস্থতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান সফল করতে কেক সরবরাহ করায় ‘স্মিথশুভ’ এবং দীর্ঘদিন ধরে এসব পরিবারের পাশে থেকে পেশাগত সেবা দেওয়া বিহেভিয়ার থেরাপিস্ট মেহনাজ জেরিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি। সমাপনী বক্তব্যে হেলেন কেলারের বিখ্যাত উক্তি-“Alone we can do so little; together we can do so much” (একা আমরা কত কমই না করতে পারি; কিন্তু একসাথে আমরা কত বেশি করতে পারি)-উদ্ধৃত করে আয়োজকরা জানান, বিশেষ শিশুদের জন্য আরও সহমর্মিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ভবিষ্যতে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

