মাগুরার শালিখা উপজেলায় এক কৃষি কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে (নয়ন মুন্সী) দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদল জানায়, পেশিশক্তি প্রদর্শন করে কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও জানানো হয়। এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে প্রণোদনার কার্ড বিতরণকে কেন্দ্র করে এক কৃষি কর্মকর্তা ও অপর এক ব্যক্তির কথোপকথন ভাইরাল হয়। ওই অডিওতে কৃষি কর্মকর্তাকে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী নয়নুজ্জামান নয়ন দাবি করেছেন, প্রচারিত অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি তার প্রকৃত কণ্ঠ নয়। রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে বিতর্কিত করতে এমন অডিও ছড়ানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

