তারকায় ভরপুর স্কোয়াড নিয়েও এবারের বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে হেরে তারা শেষ ষোলো থেকেই বিদায় নেয়। টুর্নামেন্ট চলাকালে রোনালদোর সঙ্গে দলের কয়েকজন সতীর্থের মতবিরোধের গুঞ্জন ছড়িয়েছিল, যা দলগত পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও ধারণা করা হচ্ছিল। যদিও পরবর্তীতে খেলোয়াড়দের কেউ কেউ দাবি করেছিলেন, দলের ভেতরে সম্পর্ক স্বাভাবিকই ছিল।
তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর আবারও সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি একটি জরিপ ভাইরাল হয়েছে, যেখানে ইনস্টাগ্রামে পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়দের পারস্পরিক অনুসরণের (ফলো) চিত্র তুলে ধরা হয়। সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে রোনালদোকে ঘিরে একটি তথ্য সতীর্থদের ফলো করার তালিকায় তার অবস্থান সবার নিচে। জরিপে দেখা যায়, দলের বেশিরভাগ খেলোয়াড় একে অপরকে অনুসরণ করলেও রোনালদো খুব কম সতীর্থকে ফলো করেন।
এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মাঠের বাইরে সম্পর্কের টানাপোড়েনই হয়তো দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। অন্যদিকে রোনালদোর সমর্থকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফলো করা বা না করা দিয়ে সম্পর্কের মানদণ্ড নির্ধারণ করা ঠিক নয়।

