সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি (ইনডাস ওয়াটারস ট্রিটি) ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, পাকিস্তানের ন্যায্য পানির হিস্যায় হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার ভাষ্য, দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতি এই পানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই পানির অধিকার রক্ষায় পাকিস্তান কোনো ধরনের আপস করবে না। এ সময় তিনি বলেন, পাকিস্তানের পানির হিস্যায় কেউ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ইনডাস ওয়াটারস ট্রিটি এখনো আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়। আন্তর্জাতিক পর্যায়েও পাকিস্তানের এই অবস্থানের প্রতি সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু পানিচুক্তির কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ওই হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে পানিবণ্টন ইস্যুতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

