প্রধান খবর

হযরত শাহজালাল (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো প্রস্তাব করবে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গঠিত কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদরাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

বৈঠকে জানানো হয়, মাজারের দানের অর্থ ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে আধুনিকায়নের দাবি ছিল। নতুন কমিটি দানের অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *