ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালি অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর আইনই কার্যকর থাকবে। বিদেশি জাহাজ চলাচল নিয়ে তেহরান আরও কঠোর অবস্থান নিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, অন্তত তিনটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসির হুঁশিয়ারি পাওয়ার পর তারা ফিরে যেতে বাধ্য হয়। এর মধ্যেই সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্রসদৃশ হামলা হয়েছে। এ ঘটনার পর প্রণালিতে আটকে থাকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারের জাতিসংঘের মিশন স্থগিত করতে হয়েছে। তেহরান এ হামলার দায় অস্বীকার করেছে, তবে অনুমতি ছাড়া নৌপথ ব্যবহার না করার বিষয়ে তারা বহুবার সতর্কবার্তা দিয়ে আসছে।
এ পরিস্থিতির মধ্যে ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ওমান নিউজ এজেন্সি জানায়, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এর সঙ্গে সমন্বয় করে করিডোরটি চালু করা হয়েছে এবং নৌ-চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এর লক্ষ্য।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালির প্রতি ওমান সালতানাতের দায়িত্ব এবং বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব বিবেচনায় কোনো ধরনের ফি ছাড়াই নৌ–চলাচল অব্যাহত রাখতে এই করিডোর চালু করা হয়েছে। করিডোর ব্যবহার করতে জাহাজগুলোকে আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

