বিশ্বকাপে ডি গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে গোলশূন্য ড্র করেছে। এই ড্রয়ের ফলে কাতারের পর টানা দ্বিতীয় বিশ্বকাপে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে সকারুরা। অন্যদিকে ১২টি তৃতীয় দলের মধ্যে সেরা আটটির একটি হয়ে শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা টিকে থাকল প্যারাগুয়েরও।
দুই দলই তুরস্কের বিপক্ষে জিতে তিন পয়েন্ট নিয়ে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় মুখোমুখি হয়েছিল। সমীকরণ ছিল সহজ জিতলেই নকআউট নিশ্চিত। তবে অস্ট্রেলিয়ার জন্য ড্র-ই যথেষ্ট ছিল, কারণ গোল ব্যবধানে তারা প্যারাগুয়ের চেয়ে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করল নকআউট, আর সমান ৪ পয়েন্ট নিয়ে টিকে রইল দক্ষিণ আমেরিকার দেশটিও।
ম্যাচজুড়ে দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। অস্ট্রেলিয়া রক্ষণভাগ শক্ত রেখে এগোতে চেয়েছে, আর প্যারাগুয়ে পাল্টা আক্রমণে সুযোগ খুঁজেছে। গোল না হলেও ম্যাচের ফল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া উদযাপন করছে নকআউটে ওঠা, আর প্যারাগুয়ে অপেক্ষায় আছে অন্য গ্রুপের ফলাফলের।

