ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র এক মিনিট পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমাঞ্চল।
শক্তিশালী এই কম্পনের ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ভবন ধসের ঘটনা ঘটেছে। আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অবস্থান নিয়েছে। একাধিক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।
উদ্ধারকারী দল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা শুরু করেছে। তবে অবকাঠামোগত ক্ষতি এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সংগ্রহে কাজ চালিয়ে যাচ্ছে।

