চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। সম্মেলনে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বিনিয়োগ কার্যালয়ের লক্ষ্য হলো চীনা বিনিয়োগকারীদের আরও দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করা। এর ফলে বাংলাদেশে আসার আগেই তারা প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা পাবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক চালু করেছে। এছাড়া বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ, প্রণোদনা ও প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিতে একটি বিশেষ ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মও চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নতুন প্রতিষ্ঠান ১৫ দিনেরও কম সময়ে কার্যক্রম শুরু করতে পারবে। নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল অবকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্প খাতে বিশেষ প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সব চ্যালেঞ্জ সম্পর্কে সরকার সচেতন এবং সেগুলোর সমাধানে ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমৃদ্ধ অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

