কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ওই পোস্টে তিনি আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
পোস্টে শাওন দাবি করেন, আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি আলোচনায় রয়েছে। একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সৃষ্টি হওয়া জনআলোচনার বিষয়টিও উল্লেখ করেন।
মেহের আফরোজা শাওন লিখেছেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’; কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে, যা আগে কখনো ছিল না।” তিনি আরও বলেন, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অতীতের অনেক সময়ের তুলনায় বেশি আলোচিত হয়েছে।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

