দাড়ি পর্যাপ্ত বড় না থাকায় ইরান ও আফগানিস্তান সীমান্ত থেকে ২০ জন ত্রাণকর্মীকে আটক করেছে আফগানিস্তানের নৈতিকতা পুলিশ। পরে তাদের আবার ছেড়ে দেওয়া হলেও শর্ত দেওয়া হয়েছে, আগামী এক মাসের মধ্যে দাড়ি বড় করতে হবে, নইলে তাদের আর কাজ করতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট দাতব্য সংস্থা সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।
যাদের আটক করা হয়েছিল, তারা গত শনিবার ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের কাছে কাজ করছিলেন। তারা জাতিসংঘের সহযোগী সংস্থার সঙ্গে যুক্ত থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছিলেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ইসলাম কালা রিসিপশন সেন্টারে কর্মরত যেসব ত্রাণকর্মীর দাড়ি ছোট বা শেভ করা ছিল, তাদের আটক করা হয়। কয়েকজনকে সেদিনই ছেড়ে দেওয়া হলেও বাকিদের মুক্তি দেওয়া হয় পরদিন।
এ বিষয়ে আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে হেরাত প্রদেশের নৈতিকতা পুলিশের পরিচালক জিয়াউদ্দিন তাঈয়েব দাবি করেছেন, কোনো বেসরকারি সংস্থার কর্মীকে আটক করা হয়নি। তার ভাষায়, দাড়ি ছোট থাকায় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পাঁচ সরকারি কর্মচারীকে আটক করা হয়েছিল।
একজন ত্রাণকর্মী জানিয়েছেন, ইসলাম কালা সীমান্তে মোট ২০ জনকে আটক করা হয়, যারা বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত। তাদের আটক করে খোসানে নিয়ে যাওয়া হয়েছিল।

