আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দলটির ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ তথ্য ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ধানমন্ডি থানা এলাকা থেকে ১০ জন, মোহাম্মদপুর থেকে ৮ জন, রমনা থেকে ২ জন, বংশাল থেকে ১ জন, খিলক্ষেত থেকে ২ জন, কদমতলী থেকে ১ জন, মিরপুর থেকে ১ জন এবং তুরাগ থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

